দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইংল্যান্ডের নারী কাবাডি দলের অধিনায়ক হয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি আনিসা খান। খেলাধুলার প্রতি ভালোবাসা, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছেন নিজের স্বতন্ত্র পরিচয়। নতুন এই দায়িত্ব পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
আনিসা খান এশিয়ান কারি অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা ইয়াওয়ার খানের মেয়ে। খেলাধুলার পাশাপাশি শিক্ষা, করপোরেট কর্মজীবন ও উদ্যোক্তা হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ২০২৫ সালের এপ্রিলে প্রচারিত বিবিসির জনপ্রিয় ব্যবসাভিত্তিক রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ১৯তম সিরিজে রানারআপ হয়ে আলোচনায় আসেন আনিসা।
কাবাডিতে আনিসার যাত্রা শুরু ২০১৭ সালে, বিশ্ববিদ্যালয়জীবনে। লন্ডন স্কুল অব ইকোনমিকসের (এলএসই) কাবাডি সোসাইটিতে যোগ দেওয়ার সময় তিনি ছিলেন একেবারেই নতুন খেলোয়াড়। তখন হয়তো ভাবেননি, নতুন একটি খেলার প্রতি আগ্রহ একদিন তাঁকে আন্তর্জাতিক পর্যায়ে একটি দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ এনে দেবে।
এরপর সময়ের সঙ্গে তাঁর জীবনে যুক্ত হয়েছে নানা অভিজ্ঞতা। এলএসই থেকে স্নাতক সম্পন্ন করার পর আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেনচারে কাজ করেছেন। পাশাপাশি ‘বোম্বে পিৎজা’ নামে নিজের উদ্যোগ গড়ে তোলেন এবং ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ প্রতিদ্বন্দ্বিতা করেন। জীবনের নানা পরিবর্তনের মধ্যেও কাবাডির প্রতি তাঁর ভালোবাসা অটুট থেকেছে।
এবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি আনিসা। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আগামী সপ্তাহে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে তাঁর। এবার শুধু খেলোয়াড় হিসেবে নয়, ইংল্যান্ডের নারী কাবাডি দলের অধিনায়ক হিসেবে সতীর্থদের নেতৃত্ব দেবেন তিনি।
দীর্ঘদিনের অভিজ্ঞতা, দলীয় সংহতি ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত আনিসা ও তাঁর দল।
মেয়ের এই অর্জনে গর্বিত বাবা ইয়াওয়ার খান। তাঁর পৈতৃক বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারে। আনিসার এই সাফল্য প্রবাসী বাংলাদেশি পরিবারের জন্যও গর্বের উপলক্ষ হয়ে উঠেছে।
এমএস/